মোবাইল সেবায় বাড়তি শুল্ক চান না পরিকল্পনা মন্ত্রীও

১৭ জুন, ২০২০ ১৩:২৬  
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পর ইন্টারনেট সেবার ওপর ভ্যাটের বিপক্ষে নিজের অবস্থানের কথা জানালেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বাজেট পাশের আগেই মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক আপত্তির সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, “মোবাইল কল ও ইন্টারনেটের ওপর সামান্য চার্জ ধরলে বেশি রাজস্ব পাওয়া যাবে এই আশায় সরকার চার্জ আরোপ করেছে। কিন্তু যুবক তরুণ এবং গ্রামে যারা ইন্টারনেট ব্যবহার করেন, এটা তাদের ওপর চাপ হতে পারে। আমার মনে হয়, সরকারের উচ্চ মহলে এটা হিট করেছে। এটা আলোচনা হবে, সংসদেও আলোচনা হবে। আমার মনে হয় একটা সমাধান হবে।” মঙ্গলবার (১৬ জুন) রাতে করোনা সংকট নিয়ে বিশেষ অনলাইন আলোচনা অনুষ্ঠান ‘বিয়ন্ড দ্যা প্যানডেমিক’ এর ষষ্ঠ পর্বে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনলাইনে এই অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম এবং বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। এর আগে, বিয়ন্ড দ্যা প্যান্ডেমিকের পাঁচটি পর্ব অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতোই এই পর্বটিও সরাসরি প্রচারিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ www.facebook.com/awamileague.1949 এবং অফিশিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd।